দীর্ঘদিনের চরম আর্থিক সংকট এবং চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নিজেদের ব্যবসা পুরোপুরি গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাজেট এয়ারলাইনস 'স্পিরিট'।
শনিবার (২ মে) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ক্রমাগত লোকসান ও বিপুল ঋণের বোঝার কারণে তাদের পক্ষে আর ফ্লাইট কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।
এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকেই স্পিরিটের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে বিপাকে পড়া যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তবে ভ্রমণ পরিকল্পনা ঠিক রাখতে যাত্রীদের দ্রুত বিকল্প কোনো এয়ারলাইনসে টিকিট বুক করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, এর আগে ২০২৪ ও ২০২৫ সালে দুবার দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা পেতে ব্যবসা পুনর্গঠনের জোর চেষ্টা চালিয়েছিল স্পিরিট। ফ্লোরিডাভিত্তিক এই বিমান পরিবহন সংস্থাকে বাঁচাতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৫০ কোটি ডলারের একটি বিশাল আর্থিক সহায়তা প্যাকেজের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু ঋণের শর্ত ও কোম্পানি পুনর্গঠনের বিষয়ে পাওনাদারদের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত বিলুপ্তির পথেই হাঁটতে হলো তাদের।
উল্লেখ্য, কম খরচে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই এয়ারলাইনসটি ১৯৮৩ সালে প্রথম তাদের যাত্রা শুরু করেছিল।
ডিবিসি/পিআরএএন