চলমান জ্বালানি সংকটের সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ বা অ্যামচেম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার উদ্দেশ্যে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগিয়ে যেতে পারে না এবং বর্তমান সংকট ছয় মাস বা এক বছরে সমাধান করা সম্ভব নয়। ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করতে দেড় থেকে দুই বছর সময় লাগার কারণে এর আগে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তবে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়া হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান করা না হলেও এখন তা করা হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও কয়লা নিয়ে কাজ চলছে এবং কোন ধরনের জ্বালানি কত পরিমাণ প্রয়োজন তা নির্ধারণ করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে বলে তিনি জানান এবং আগামী দুই বছর সবাইকে সাবধান থাকার পরামর্শ দেন।
সরকারের রাজস্ব আদায়ের পরিকল্পনা প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, বাস্তবায়ন ও নীতি বিভাগ আলাদা করা হবে এবং রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে করারোপের উদ্দেশ্যে একটি তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। এছাড়া শেয়ারবাজার নিয়ে সতর্কসংকেত পাওয়ার পর সেখানে পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বেশি তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার ওপর জোর দেন। ব্যাংক খাতের বিষয়ে তিনি বলেন, এই খাতে মারাত্মক মূলধনের ঘাটতি রয়েছে, যা সরকারের পক্ষে পূরণ করার মতো নয়। পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি থাকায় অর্থায়নের বিকল্প উৎস খোঁজার কথা জানান তিনি।
সভাপতির বক্তব্যে অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, শুধু চ্যালেঞ্জ চিহ্নিত করাই নয়, তারা সমস্যার সমাধানের অংশ হতে চান এবং ব্যবসায়ীদের আত্মবিশ্বাস তৈরিতেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং অর্থমন্ত্রী তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ডিবিসি/এফএইচআর