জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানখেত থেকে রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহতের দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন। নিহত রাশেদা বেগম তুলসীগঙ্গা ইউনিয়নের সোতার আদর্শ গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে রাশেদা বেগমের প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। এরপর তিনি উপজেলার মুনঝার এলাকার বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার রাতে বিলের ঘাট সংলগ্ন আদর্শ গ্রাম এলাকার একটি ধানখেতে রাশেদার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকে রাশেদার দ্বিতীয় স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবিসি/এসএফএল