জয়পুরহাট সদর উপজেলার সাহাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক ইট ভাঙা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইট ভাঙার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তিনি রেললাইনের পাশে ইট ভাঙার কাজ করছিলেন। একপর্যায়ে রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/এসএফএল