জয়পুরহাটের দুটি স্থানে বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) বিকেলে জেলার সদর ও পাঁচবিবি উপজেলায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট গ্রামের মোঃ হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের মৃত পুরা মফিজের ছেলে সামছুদ্দিন (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট বিলপাড়া এলাকায় মাঠের ক্ষেত থেকে ধানের নাড়া কেটে বাড়ির দিকে আসছিলেন গৃহবধূ জাহানারা বেগম।
বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে দুর্গাদহ বাজার এলাকায় তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, প্রায় একই সময়ে জেলার পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামেও বজ্রপাতের পৃথক আরেকটি ঘটনা ঘটে। সেখানে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষক সামছুদ্দিনের মৃত্যু হয়।
ডিবিসি/টিবিএ