জেলার সংবাদ

জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটে ৩০ লক্ষাধিক টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর বিশেষ টহল দল। এ সময় পাচারের অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ২০ বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে এদিন দিবাগত রাত দেড়টায় সদর উপজেলার হিচমী বাইপাস সংলগ্ন কমরগ্রাম এলাকা থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

আটক শহিদুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের রশিদনগর টুলট গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। শুক্রবার দুপুরের দিকে সদর থানাধীন হিচমী বাইপাস সংলগ্ন গোবিন্দগঞ্জ-জয়পুরহাট সড়কের একটি নির্জন স্থানে সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে ছিলেন শহিদুল ইসলাম। বিজিবি টহল দলের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সদুত্তর দিতে না পারলেও পরবর্তীতে বস্তার ভেতর অবৈধ কষ্টিপাথরের মূর্তি থাকার কথা স্বীকার করেন। এরপর বস্তা তল্লাশি করে একটি বড় ও একটি ছোট আকারের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

 

বিজিবির দাবি অনুযায়ী, উদ্ধারকৃত বড় মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোটটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। কষ্টিপাথরের এই মূর্তি দুটির আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৩০ লক্ষ ৭০ হাজার টাকা।

 

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত মূর্তিগুলো এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন