আন্তর্জাতিক, ভারত

জয়ের পূর্বাভাস দেয়া সেই জ্যোতিষীকে বিশেষ দায়িত্ব দিলেন বিজয়!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তামিল সংগীত নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন বিতর্কে জড়িয়েছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও টিভিকে প্রধান থালাপতি বিজয়। নিজের জ্যোতিষী রাধন পণ্ডিত ভেত্রিভেলকে 'অফিসার অন স্পেশাল ডিউটি' (ওএসডি) বা বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে তিনি এই আলোচনার জন্ম দিয়েছেন। একাধারে জ্যোতিষী ও দলীয় মুখপাত্র রাধন পণ্ডিত নির্বাচনী প্রচারের সময় বিজয়ের ছায়াসঙ্গী ছিলেন এবং নির্বাচনে বিজয়ের বিশাল জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন।

গত ৪ মে ভোট গণনার দিন দল অভাবনীয়ভাবে এগিয়ে যাওয়ার সময়ও তিনি সবার আগে বিজয়ের বাড়িতে হাজির হন।
 

মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজয়ের জোটসঙ্গী কংগ্রেসের নেতারা এই নিয়োগে বিস্ময় প্রকাশ করেছেন। কংগ্রেস সংসদ সদস্য শশীকান্ত সেন্থিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রশ্ন তুলেছেন, একজন জ্যোতিষীর কেন ওএসডি পদের প্রয়োজন। অন্যদিকে, কুসংস্কার ও জ্যোতিষবিদ্যার ঘোর বিরোধী দল ডিএমকেও এই সিদ্ধান্তের সমালোচনা করছে।

 

উল্লেখ্য, রাধন পণ্ডিতের মক্কেল তালিকায় তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মতো হাইপ্রোফাইল ব্যক্তিরা ছিলেন। শোনা যায়, জয়ললিতার শাসনামলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার পরামর্শেই নেওয়া হতো। তবে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জয়ললিতার জেল হবে না বলে রাধনের একটি ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ার পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।

 

সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়েছে বিজয়ের দল টিভিকে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেস, সিপিআই, সিপিএম এবং ভিসিকের সমর্থনে জোট সরকার গঠন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেবল ব্যক্তিগত আবেগের জায়গা থেকে নেওয়া এই নিয়োগের ব্যাখ্যা জোটসঙ্গী বা বিরোধীদের কাছে গ্রহণযোগ্য হওয়া কঠিন।

 

সূত্র: এনডিটিভি


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন