জমি নিয়ে সন্তানদের বিরোধে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে বাড়ির উঠানে পড়ে ছিল বাবার মরদেহ! কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পয়ড়াডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। অবশেষে মারা যাবার প্রায় একদিন পর এলাকাবাসীর মধ্যস্থতায় সম্পন্ন হয় দাফন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এলাকার বাসিন্দা আজিজার রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জানাজা সম্পন্ন করার জন্য এলাকায় মাইকিং করা হয়। কিন্তু বৃদ্ধের দুই স্ত্রীর সন্তানদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পারিবারিক কলহের কারণে আজিজার রহমানকে দাফন করতে বাধা পান স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে আজিজার রহমানের প্রথম স্ত্রী জয়গুন মারা যান। সে সময় তার ঘরে এক ছেলে আব্দুল হাকিম (৫৫) ও তিন মেয়ে জোসনা, ময়না ও কাছুয়া রয়েছেন। পরে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে টাইগার (৩৩) ও এক মেয়ে আকলিমা (৩০) জন্মগ্রহণ করেন।
দ্বিতীয় স্ত্রীর সন্তানদের দাবি, জীবদ্দশায় আজিজার রহমান তার স্থাবর-অস্থাবর সম্পত্তি তাদের নামে লিখে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে এলাকাবাসী মৃতের জানাজায় অংশ নিতে এলে প্রথম স্ত্রীর সন্তানরা দাফনে আপত্তি জানান। তাদের দাবি, বাবার রেখে যাওয়া সম্পত্তি সমানভাবে বণ্টন ও প্রয়োজনীয় দলিল সম্পন্ন করতে হবে, অন্যথায় জানাজা ও দাফন করতে দেওয়া হবে না।
বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। দীর্ঘ আলোচনার পর সম্পত্তির সম বন্টনের সিদ্ধান্ত হওয়ায় মরদেহ দাফনে সম্মত হয় দুই পক্ষের সন্তানরা। পরে তারাবির নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা হিল জামান বলেন, এ বিষয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি তার জানা নেই।
ডিবিসি/এফএইচআর