জেলার সংবাদ

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ বাল্কহেড মালিককে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে চারটি বাল্কহেডের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর আওতায় পরিচালিত এ অভিযানে জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহে ব্যবহৃত চারটি বাল্কহেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বালু ব্যবসায়ী হানিফের মালিকানাধীন দুটি এবং রহিম ও তুহিনের মালিকানাধীন একটি করে বাল্কহেড রয়েছে। চারটি বাল্কহেডের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

 

তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন