জেলার সংবাদ

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

ঝালকাঠি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলের দীর্ঘদিনের নির্যাতন ও প্রাণনাশের হুমকি সইতে না পেরে তাকে কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বাবা আব্দুল বারেক খান (৫৫)।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেহেদী হাসান শুভ (২৫)। খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত বাবা আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে যায়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই মা-বাবাসহ এলাকাবাসীকে মারধর ও কুপিয়ে জখম করতেন। তার অত্যাচারে পরিবার ও এলাকাবাসী আতঙ্কে থাকতেন। ঘটনার দিন সকালে শুভ তার বাবার কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন এবং টাকা না পেয়ে বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। 

 

একপর্যায়ে সন্ধ্যায় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে গিয়ে তার মা খুশি বেগমকে হুমকি দেন যে, টাকা না দিলে ওই রাতেই মা-বাবা দুজনকে জবাই করে হত্যা করা হবে। প্রাণভয়ে মা খুশি বেগম তার স্বামীর পরামর্শে ওই রাতে অন্য ঘরে ঘুমাতে যান। পরবর্তীতে রাত ৩টার দিকে বাবা আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং নিজেই পুলিশকে বিষয়টি জানান।

 

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মোঃ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার সাথে ছিলেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান ও ওসি (তদন্ত) হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম।

 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ শাহ আলম জানান, শুভর অত্যাচারে পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ ছিল এবং প্রাণনাশের হুমকির মুখেই বাবা বারেক খান ভীত ও ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। এ ঘটনায় নিহত শুভর মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন