জেলার সংবাদ

ঝালকাঠিতে জাপটে ধরে কামড় দিয়ে চোরের আঙুল কেটে ফেললেন গৃহবধূ

ঝালকাঠি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গভীর রাতে ঘরে চোরের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত না হয়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন ঝালকাঠির এক গৃহবধূ। সংঘবদ্ধ চোরের দলের এক সদস্যকে জাপটে ধরে ধস্তাধস্তি করেন তিনি। এ সময় আত্মরক্ষার্থে চোরের আঙুলে কামড় দিলে তার একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও শেষ পর্যন্ত সহযোগীদের সহায়তায় ওই চোর পালিয়ে যেতে সক্ষম হয় এবং যাওয়ার সময় দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে ঘরে প্রবেশ করে। আওয়াজ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে গৃহবধূ ঘরে চোরের উপস্থিতি বুঝতে পারেন এবং বিন্দুমাত্র ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে একজনকে পেছন থেকে জাপটে ধরেন।

 

ধরা পড়া চোরকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ওই চোরকে প্রতিহত করতে গৃহবধূ তার হাতের আঙুলে কামড় বসিয়ে দেন। এতে চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়।

 

গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই চোরের সহযোগীরা তাকে জোরপূর্বক ছাড়িয়ে নেয়। পরে সংঘবদ্ধ চোর দল দ্রুত পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা দুটি মোবাইল ফোন চম্পট দেয়। ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই বিচ্ছিন্ন আঙুলের অংশটি উদ্ধার করেন।

 

এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। ভুক্তভোগী পরিবার জড়িত চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মনে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত রাতের নিরাপত্তা জোরদার এবং এলাকায় পুলিশের নিয়মিত টহল বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, খবর পাওয়ার পরপরই থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন