ঝালকাঠির নলছিটি উপজেলায় দমকা হাওয়ায় টিনশেড ঘরের নিচে চাপা পড়ে নাফিয়া আক্তার নামের ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিয়া আক্তার কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার প্রবাসী মো. নয়ন মোল্লার মেয়ে। সে তার মায়ের সঙ্গে ডেবরা এলাকায় নানা মো. নুর আলম ভূঁইয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিহতের নানা নুর আলম ভূঁইয়া তার বসতঘরের টিন ঠিক করার জন্য চালের উপরে ওঠেন। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় ঘরটি ভেঙে পড়ে। এতে শিশু নাফিয়া আক্তার ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিসি/আরএসএল