ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আবদুল্লাহ’ পরিবহনের বাসটি চৌমাথা মোড় অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে ছিটকে পড়ে। গভীর রাতে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। উদ্ধারকারীরা জানান, সৌভাগ্যবশত এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
ডিবিসি/পিআরএএন