ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিএনবি বাজার এলাকায় এক বিকাশ কর্মীর চোখেমুখে নেশাজাতীয় দ্রব্য (গুল) ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের শিকার ওই বিকাশ কর্মীর নাম আশরাফুল। তিনি ঝালকাঠি শহরের জাবেদ টেলিকমের বিকাশ এজেন্ট হিসেবে কর্মরত। বুধবার সকালে তিনি জাবেদ টেলিকম থেকে ৫ লাখ টাকা নিয়ে পাশের কাউখালী উপজেলার একটি এজেন্ট পয়েন্টের উদ্দেশে রওনা হন।
যাওয়ার পথে সিএনবি বাজার এলাকায় পৌঁছালে পাঁচজনের একটি দুর্বৃত্তের দল তার গতিরোধ করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার চোখেমুখে গুল জাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে দেয়। এতে তিনি চোখে দেখতে না পারার সুযোগে দুর্বৃত্তরা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে জাবেদ টেলিকমের মালিক ও অন্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তীতে এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জাবেদ টেলিকমের ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, ‘আমাদের কর্মী এজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় এই অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীরা ৫ লাখ টাকাসহ ব্যাগটি নিয়ে গেছে। আমরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘ছিনতাইয়ের একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
ডিবিসি/এমএনকে