ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হুমায়ুন কবির সাগর (৩৫) নামের এক সাবেক পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) দুপুরে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে হুমায়ুন কবির সাগর ও সোহেল নামের এক ব্যবসায়ী মোটরসাইকেলে করে বরিশাল থেকে ঝালকাঠির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রায়াপুর এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁরা দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন।
ডিবিসি/আরএসএল