বাংলাদেশ, জেলার সংবাদ

ঝালকাঠিতে ২৫ মণ ওজনের খটক মাছ আড়াই লাখ টাকায় বিক্রি

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ‘দানব’ খ্যাত বিশাল আকৃতির একটি করাতি মাছ, যার ওজন আনুমানিক ২৫ মণ। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিয়ে আসা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিরল প্রজাতির এই বিশাল মাছটি স্থানীয় বাজারে ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

কাঁঠালিয়া উপজেলার একদল জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে তাদের জালে এই বিশাল করাতি মাছটি (স্থানীয়ভাবে খটক মাছ নামে পরিচিত) আটকা পড়ে। উপজেলাটি সমুদ্র উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হলেও এলাকার অনেক জেলেই নিয়মিত বঙ্গোপসাগরে মাছ আহরণ করেন। সমুদ্র থেকে ফেরার পথে তারা মাছটি বিক্রির জন্য আমুয়া বন্দরে নিয়ে আসেন।

 

নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন আমুয়া মৎস্য বন্দরের আড়তদার আব্দুল হাই সরদার। পরে আরও বেশি দামে বিক্রির আশায় তিনি মাছটি ইঞ্জিনচালিত ভ্যানে করে পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে নিয়ে যান। আড়তদার আব্দুল হাই জানান, মাছটি বিশাল হওয়ার কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে এবং এটি দেখতে ভিড় জমছে। মাছটি পরবর্তীতে কেটে খণ্ড খণ্ড করে বিক্রি করা হবে বলে তিনি জানান।

 

দীর্ঘদিন পর এমন বড় আকারের মাছ ধরা পড়ায় স্থানীয় জেলে পরিবারগুলোর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মতে, উপকূলে এত বড় আকৃতির মাছ সচরাচর দেখা যায় না, যা পুরো এলাকায় রীতিমতো আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন