ঝিনাইদহের কালীগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই গ্রামের এক নারী শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরে দুটি গরু নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি একটি গরু দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের গ্রামবাসী ছুটে এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও ধাওয়া শুরু করে। একপর্যায়ে গ্রামবাসী সন্দেহভাজন দুই ব্যক্তিকে ধরে ফেলে।
পরে উত্তেজিত জনতা চোর সন্দেহে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজন মারাত্মকভাবে আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত ব্যক্তিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন