ঝিনাইদহের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের সমারোহ। দিগন্তজোড়া সরিষা ফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন সৌন্দর্যপিপাসুরা।
আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে জমি পতিত না রেখে বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা।
সদর উপজেলার মিয়াকুণ্ডু ও জিতোড় গ্রামের মাঠেই এবছর ২৮৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর সদর উপজেলায় মোট ৩ হাজার ৯২০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ হেক্টর বেশি। বীজ বপন থেকে ফসল ঘরে তুলতে মাত্র ৭৫ থেকে ৮০ দিন সময় লাগায় এবং খরচ কম হওয়ায় কৃষকরা এই চাষে ঝুঁকছেন।
সরিষা খেতে আসা দর্শনার্থীরা জানান, ফুলের মৌ মৌ গন্ধ আর হলুদের রাজ্যে মুগ্ধ তারা। সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের উৎসাহ ও সহযোগিতা দেয়া হচ্ছে।
ডিবিসি/ এইচএপি