ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় মোলায়েম হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজলোর ভায়না বাজার সংলগ্ন কালিশংকরপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত মোলায়েম হোসেন ১ নং ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য। তিনি কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগের ওয়াড কমিটির সভাপতি এবং চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে জানা গেছে। সে কালিশংকরপুর গ্রামের আবুল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি গ্রামের ভায়না বাজার থেকে পান খেয়ে বাড়িতে ফিরছিলেন। পথে কালীশংকরপুর এলাকায় পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সদস্যরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরিছিলেন। গ্রামের স্কুলের পিছনে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এখন বিধবা হয়ে গেলাম। আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমি এর বিচার চাই।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন বলেন, ‘নিহত ব্যক্তি চরমপন্থী দলের সদস্য ছিল বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তবে কোন সংগঠনের সাথে জড়িত তা এখনও জানা যায়নি। হয়ত আগের কোনো বিরোধের জেরে প্রতিপক্ষের সদস্যরা তাকে হত্যা করতে পারে। তদন্ত শেষেই ঘটনার বিস্তারিত বলা যাবে।’
ডিবিসি/এসডব্লিউএন