ঝিনাইদহের শৈলকুপায় চায়ের দোকানে বকেয়া টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (১৭ এপ্রিল) শুক্রবার সকালে শৈলকুপা পৌরসভার খালধারপাড়া এলাকায় এই সংঘাত ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (১৭ এপ্রিল) শুক্রবার সকালে খালধারপাড়া গ্রামের রিপন হোসেন একই এলাকার শাহজাহানের টি স্টলে চা খেতে যান। এ সময় দোকানদার শাহজাহান তার কাছে আগের বকেয়া টাকা দাবি করেন এবং পাওনা পরিশোধ না করায় নতুন করে চা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের পরিবার ও সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হামলায় আব্দুর রাজ্জাক, রিপন হোসেন, জামাল হোসেন, কামাল হোসেন, রুবেল, জালাল শেখ, নায়েব আলী, শফিকুর রহমান ও ঝন্টুসহ ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চা বাকি খাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে মোতায়েন আছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবিসি/টিবিএ