বাংলাদেশ, জেলার সংবাদ

ঝিনাইদহে ভগ্নিপতির কিল-ঘুষিতে শ্যালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার জয়ন্তীনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে মারপিটে কেসমত আলী (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে লক্ষ্য করে কেসমত আলী 'দেখে নেওয়ার' হুমকি দেন। এতে পাশে থাকা তার ভগ্নিপতি নবীস উদ্দিন ক্ষিপ্ত হন। এর কিছুক্ষণ পর বাড়ির পাশে কেসমত আলীকে একা পেয়ে নবীস উদ্দিন ও তার পরিবারের লোকজন তার সাথে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তারা চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারলে কেসমত আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শৈলকূপা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, পারিবারিক বিরোধের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। নিহতের বয়স বেশি হওয়ায় সামান্য আঘাতেই তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন