ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় ট্রেন রেখে হঠাৎ উধাও হয়ে যান দুই চালক। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে তৈরি হয় উৎকণ্ঠা, পড়েন অনাকাঙ্খিত ভোগান্তিতে। তবে প্রায় এক ঘণ্টা পর লোকোমাস্টাররা ফিরে এলে পুনরায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’।
ঘটনার বিষয়ে মোবারকগঞ্জ স্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ৫ মিনিটে স্টেশনে পৌঁছায়। কিছুক্ষণ পর ট্রেনটি ছাড়ার সংকেত দেওয়া হয়। কিন্তু তখন চালকের কক্ষে লোকোমাস্টার (চালক) মাহবুবুর রহমান ও আলামিন হোসেনকে পাওয়া যায়নি।
তিনি জানান, অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে তারা ফিরে আসেন। এরপর ৭টা ১৫ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে স্টেশন ত্যাগ করে।
স্টেশন মাস্টার আরও জানান, রেলে চুক্তিভিত্তিক চালক নিয়োগ বাতিল এবং ২০২০ সালের নিয়োগবিধি সংশোধনের দাবিতে আন্দোলন করছেন স্থায়ী চালকেরা।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই তারা এই কাজ করেছেন বলে জানা গেছে। তবে এই এক ঘণ্টা অন্য লাইনে ট্রেন চলাচল একেবারেই স্বাভাবিক ছিল বলে জানান মোবারকগঞ্জ স্টেশনের মাস্টার শাহজাহান শেখ।
ডিবিসি/এসডব্লিউএন