জেলার সংবাদ

ঝিনাইদহে সাবেক এমপির ডিলার পয়েন্টে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহের শৈলকুপায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ডিলার পয়েন্টে সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করাসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার গাড়াগঞ্জ পুরাতন স্কুল বাজারের ‘মেসার্স শুভ এন্টারপ্রাইজ’ নামক ডিলার পয়েন্টের স্বত্বাধিকারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দার। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি বর্তমানে কারাগারে থাকায় তাঁর ঘনিষ্ঠজনরা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। শনিবার সকালে ওই বিক্রয়কেন্দ্রে সার নিতে এসে না পেয়ে গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে কাঠ ও লাঠি ফেলে বিক্ষোভ করেন স্থানীয় কৃষকরা। খবর পেয়ে শৈলকুপা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের মাঝে সার বিক্রির ব্যবস্থা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

জেলা প্রশাসনের এক পরিপত্রে জানানো হয়, ওই ডিলার পয়েন্টের গুদামে ৩১০ বস্তা ইউরিয়া, ৪১০ বস্তা ডিএপি, ২৮২ বস্তা টিএসপি ও ১৫০ বস্তা এমওপি সার মজুত ছিল। মজুত থাকা সত্ত্বেও কৃষকদের মাঝে সার বিতরণ না করে তাদের বিক্ষুব্ধ করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে প্রতীয়মান হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৬’-এর ১৬.১ ধারা অনুযায়ী ডিলারশিপ বাতিলের জন্য কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি বরাবর সুপারিশ করা হবে।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ওই ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায়, অসংখ্য কৃষক সারের জন্য অপেক্ষা করছেন এবং তারা চাহিদার অর্ধেক সার পাচ্ছেন বলে জানান। ডিলার পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. আনারুল বলেন, সাব-ডিলার ও ডিলারের মধ্যে সার বরাদ্দের অর্ধেক ভাগাভাগি হয়। সাব-ডিলারদের সার দিতে গেলে কৃষকরা বাধা দেন এবং সরাসরি ডিলারের কাছ থেকেই সার নেওয়ার দাবি জানান। এ কারণেই তারা রাস্তায় দাঁড়িয়েছিলেন, তবে পরে সার দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে রবিবার বিকালে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন জানান, চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটিকে শোকজ করা হয়েছে।

 

উল্লেখ্য, অবৈধভাবে সার মজুতের অভিযোগে এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট এবং চলতি বছরের ২৫ এপ্রিল মেসার্স শুভ এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন