ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর এলাকায় ট্রাকচাপায় হুসাইন (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে বাবার জন্য খাবার নিয়ে ইটভাটায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন সদর উপজেলার কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে। দুর্ঘটনায় প্রান্ত নামের অপর এক শিশু আহত হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুসাইন তার বন্ধু প্রান্তর সঙ্গে বাইসাইকেলে করে নৃসিংহপুর ইটভাটায় কর্মরত শ্রমজীবী বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ভাটার সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী খড়ি বোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হুসাইন ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সাইকেলে থাকা তার বন্ধু প্রান্ত রাস্তার পাশে ছিটকে পড়ে সামান্য আহত হয়। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/টিবিএ