আন্তর্জাতিক

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পর্তুগাল, নিহত ৫, বিদ্যুৎহীন ৮ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৯শে জানুয়ারী ২০২৬ ১২:৩০:৪৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পর্তুগালে ভয়াবহ শক্তিশালী ঝড় 'ক্রিস্টিন'-এর আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবার মধ্য ও উত্তর পর্তুগালে আঘাত হানা এই ঝড়টিকে সেদেশের সরকার একটি চরম জলবায়ু ঘটনা হিসেবে বর্ণনা করেছে। ঝড়ের প্রভাবে ব্যাপক বন্যা, ভূমিধস এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৭৮ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসের ঝাপটায় দেশজুড়ে ৩ হাজারেরও বেশি দুর্ঘটনা ঘটেছে। গাছ উপড়ে এবং উড়িয়ে আনা ধ্বংসাবশেষের আঘাতে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লেইরিয়া জেলাতেই ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একটি চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যুসহ উপকূলীয় এলাকায় আরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

 

ঝড়ের তাণ্ডবে পর্তুগালের প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। উপকূলীয় শহর ফিগুয়েইরা দা ফোজ-এ একটি ফেরিস হুইল উল্টে গেছে এবং একটি বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তাল সমুদ্রের কারণে ১০টি উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, যেখানে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা প্রায় ১৪ মিটার পর্যন্ত পৌঁছায়।

 

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, লেইরিয়ার মেয়র শহরটির অবস্থাকে বোমা হামলার পরের ধ্বংসলীলার সঙ্গে তুলনা করে জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছেন। পর্তুগাল পার হয়ে ঝড়টি বর্তমানে স্পেনের দিকে অগ্রসর হচ্ছে, সেখানেও তুষারপাত ও শক্তিশালী বাতাসের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

 

তথ্যসূত্র বিবিসি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন