গাজীপুর মহানগরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়া ও শাপলা বেগম দম্পতির ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা কাজীপাড়া এলাকায় নাজিমুদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ইয়াসিন গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের কর্মকর্তা এবং টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত ইয়াসিনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-২০-৪৪১৩) জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। নিহত শিক্ষার্থীর মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/আরএসএল