উত্তেজনা আর রোমাঞ্চে ঠাসা ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট পরল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর, পেনাল্টি শুট-আউটে ৪-৩ ব্যবধানে জয় পায় ফরাসি চ্যাম্পিয়নরা।
শনিবার (৩০ মে) হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত এই মেগা ফাইনালে স্নায়ুযুদ্ধে জয়ী হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় ক্লাব হিসেবে টানা দু’বার শিরোপা ধরে রাখার কীর্তি গড়ল পিএসজি।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ফরাসি জায়ান্টরা। ম্যাচের মাত্র ৬ মিনিটে কাই হাভার্টজের দুর্দান্ত এক গোলে লিড নেয় গানার্সরা। পিএসজি গোলরক্ষক মাটভে সাফোনভকে পরাস্ত করে জোরালো শটে বল জালে জড়ান এই জার্মান ফরোয়ার্ড।
চলতি মৌসুমে ইউরোপের সবচেয়ে দুর্ভেদ্য রক্ষণভাগ হিসেবে পরিচিত আর্সেনালের ডিফেন্স ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল পিএসজিকে। তবে ম্যাচের ৬৫ মিনিটে ডেডলক ভাঙেন ওসমানে দেম্বেলে। ডি-বক্সের ভেতর খিচকা কভারাতসখেলিয়াকে ক্রিস্টিয়ান মস্কেরা ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে সমতায় ফেরান দেম্বেলে।
১-১ সমতার পর আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে উঠলেও নির্ধারিত ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত সময়ের ম্যাচ ছিল অনেকটাই ছন্নছাড়া। কোনো দলই আর কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে।
টাইব্রেকারে পিএসজির ফুটবলাররা তাদের স্নায়ু ধরে রাখতে পারলেও খেই হারিয়ে ফেলে মিকেল আর্তেতার আর্সেনাল। গানার্স ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ক্রসবারের ওপর দিয়ে বল উড়িয়ে মারলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় পিএসজির। আর সেই সাথে মাঠজুড়ে শুরু হয় ফরাসি শিবিরে শিরোপা ধরে রাখার উল্লাস।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল