বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান । যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সাময়িকী ‘টাইম’ ২০২৬ সালের জন্য প্রকাশিত তাদের বিশেষ সংখ্যায় তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
বুধবার (১৫ এপ্রিল) সাময়িকীটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রোফাইল বা জীবনচিত্র প্রকাশিত হয়।
টাইম ম্যাগাজিন তারেক রহমানের রাজনৈতিক যাত্রাকে একটি নাটকীয় উত্থান হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে দীর্ঘ বছরের প্রবাস জীবন কাটিয়ে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বাংলাদেশে জাতীয় নেতৃত্বে ফিরে আসেন। ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।
টাইম-এর প্রোফাইলে আরও উল্লেখ করা হয়েছে, ৫৭ বছর বয়সী এই নেতা একসময় বিরোধী দলের প্রধান ব্যক্তিত্ব থেকে নিজেকে ‘লিডার ইন ওয়েটিং’ বা ‘অপেক্ষমাণ নেতা’ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকার পর ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তিনি এক অভূতপূর্ব ও ভূমিধস বিজয় অর্জন করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, তার দেশে ফেরার মুহূর্তটি ছিল আবেগঘন এবং চ্যালেঞ্জিং। সে সময় তার মা এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরলোকগমন করেন। টাইম ম্যাগাজিন উল্লেখ করেছে, তারেক রহমান সেই শোকাবহ মুহূর্তটিকে অত্যন্ত ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবিলা করেছেন এবং দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন।
উল্লেখ্য, প্রতি বছর বিশ্বের রাজনীতি, বিনোদন, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ টাইম ম্যাগাজিন এই ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে। ২০২৬ সালের এই তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তি বাংলাদেশের সমকালীন রাজনীতিতে তার শক্তিশালী অবস্থানের বৈশ্বিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: টাইমস ম্যাগাজিন
ডিবিসি/এসএফএল