অবশেষে নাটকীয় অবসান ঘটল এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ ও ইউভেন্তুসকে ঘিরে চলা দীর্ঘ দলবদল নাটকের। আর্জেন্টিনার বিশ্বজয়ী এই তারকা গোলরক্ষককে দলে নেওয়ার দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সরিয়ে নিয়েছে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তুস। মার্তিনেজের তুরিনে যাওয়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও, এই দলবদলের বিশাল আর্থিক খরচ বহন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে 'সিরি আ'র ক্লাবটি।
ইউভেন্তুস বোর্ডের অভ্যন্তরীণ বৈঠকে কয়েক দিন আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলাকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিখ্যাত ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর মতে, এই আলোচনা ভেস্তে যাওয়ার মূল কারণ হলো পুরো প্রক্রিয়ার মোট খরচ। খেলোয়াড়ের ট্রান্সফার ফি, মোটা অঙ্কের বেতন এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার পরেই এই সিদ্ধান্ত নেয় ক্লাবটির শীর্ষ নেতৃত্ব। রোমানো নিশ্চিত করেছেন যে, বাজেট কাঠামোর বাইরে চলে যাওয়ার কারণেই ইতালীয় ক্লাবটি আলোচনার ইতি টেনেছে।
ইউভেন্তুসের এই পিছু হটা ৩৩ বছর বয়সী মার্তিনেজের জন্য বড় এক মানসিক ধাক্কা। তিনি ইউভেন্তুসকেই নিজের পরবর্তী গন্তব্য হিসেবে নির্ধারণ করেছিলেন এবং ইতালিতে পাড়ি জমাতে অ্যাস্টন ভিলার সাথে লড়াই করতেও প্রস্তুত ছিলেন। চলতি দলবদল মৌসুমের শুরুর দিকে ইউভেন্তুস তার কাছে একটি প্রাথমিক চুক্তির প্রস্তাবও পাঠিয়েছিল। ইতালিয়ান লিগে নিজের সামর্থ্য প্রমাণ এবং ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে মূল গোলরক্ষক হিসেবে জায়গা করে নেওয়াই ছিল মার্তিনেজের লক্ষ্য। অন্যদিকে ইউভেন্তুসও তার অভিজ্ঞতা ও কাতার বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনা করে তাকে স্কোয়াডের জন্য আদর্শ মনে করেছিল।
ইউভেন্তুসের সাথে চুক্তি ভেস্তে গেলেও অ্যাস্টন ভিলায় মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে জটিলতা কমেনি। ২০২০ সালে আর্সেনাল থেকে আসার পর তার সঙ্গে ক্লাবটির ২০২৯ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও পর্দার আড়ালে তৈরি হয়েছে অসন্তোষ। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই গোলরক্ষকের জন্য ক্লাব কতৃপক্ষ মাত্র ১২ মিলিয়ন ইউরোর দাম নির্ধারণ করায় নতুন বিতর্কের সৃষ্টি হয়। এর আগেও ক্লাব ম্যানেজমেন্টের সাথে নিজের ভবিষ্যৎ নিয়ে তার একাধিকবার বিরোধ দেখা দিয়েছিল। দল ছাড়ার চাপ সৃষ্টি করায় তাকে একসময় একাদশের বাইরেও রাখা হয়েছিল, যদিও পরবর্তীতে তিনি ফিরে এসে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে তুলতে বড় ভূমিকা রাখেন।
সূ্এ: গোল ডটকম