জেলার সংবাদ

টাঙ্গাইলে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, চালক গুরুতর আহত

টাঙ্গাই‌ল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বালুবাহী একটি ট্রাক দুমড়ে-মুচড়ে খাদে পড়ে গেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার এলেঙ্গা রাজবাড়ীর আইসড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা শত শত যাত্রী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ওই চালকের নাম-পরিচয় জানা যায়নি।

যমুনা সেতু পূর্ব (ইব্রাহিমাবাদ) রেলস্টেশনের মাস্টার শাহীন মিয়া ঘটনার বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা 'চিত্রা এক্সপ্রেস' ট্রেনটি আইসড়াবাড়ী এলাকা অতিক্রম করার সময় ক্রসিংয়ে থাকা ট্রাকটির সঙ্গে এর ইঞ্জিনের সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকটি ছিটকে রেললাইনের পাশের একটি খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার পরও ট্রেনটি বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে চলে যেতে সক্ষম হয়।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই ট্রাক চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন