সারা বাংলা
টাঙ্গাইলে ইয়াবাসহ প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমসহ এক সহযোগীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে বুধবার বিকেলে
নগদা শিমলা ইউনিয়নের চরশিমলা এলাকা থেকে রেজাউল করিমকে আটক করা হয়।
আটক রেজাউল করিম রেজা একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। এসময় তার সঙ্গে থাকা সহযোগী ও মোটরসাইকেল চালক গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে মনিরুজ্জামান মুন্নাকেও আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, আমি ছুটিতে আছি। আমি এখানে নতুন এসেছি, তাই তাকে চিনি না। তবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে ঘটনাটি নিশ্চিত হয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন