টাঙ্গাইলের মির্জাপুরে একটি নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠানে দিনেদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে শুকুর আলী (২৫) নামের ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিমধল্যা এলাকায় রোড অপারেশনাল ইউনিট নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের মারধরে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরী খোকন শেখ আহত হন।
নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতীর নারিন্দা এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একটি পিকআপে করে ৬ থেকে ৭ জনের একদল ডাকাত ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এসে হাজির হয়। তারা জোরপূর্বক প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা প্রহরী খোকন শেখ তাদের বাধা দেন। বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ডাকাতদল প্রহরীকে মারধর শুরু করে।
নিরাপত্তা প্রহরীর আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় জনতা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে শুকুর আলীকে হাতেনাতে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে পরিস্থিতি বুঝে দলের অন্য ৫ থেকে ৬ জন সদস্য পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শুকুর আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, আহত নিরাপত্তা প্রহরী খোকন শেখকে দ্রুত স্থানীয় জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় সেলাই দেওয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম গণমাধ্যমকে জানান।
ঘটনার বিষয়ে মির্জাপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, শুকুর আলী ওই প্রতিষ্ঠান চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। তার নামে বিভিন্ন থানায় চারটি চুরির মামলা রয়েছে। ঘটনাটি ডাকাতি কিনা জানত চাইল তিনি বলেন বিষয়টি পুলিশ তদন্ত করছে।
ডিবিসি/এসডব্লিউএন