জেলার সংবাদ

টাঙ্গাইলে পিকনিক শেষে ফেরার পথে নৌকায় বিদ্যুৎস্পৃষ্টে ২ বন্ধুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলে পিকনিক শেষে বাড়ি ফেরার পথে নদীতে নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীর ফতেপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকার সাজ্জাত হোসেন (১৯) এবং শেরপুর জেলার জিকুল হোসেন (১৮)। তারা সবাই বন্ধুদের সঙ্গে আনন্দ করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে ২৫-৩০ জনের একদল বন্ধু মিলে একটি নৌকা ভাড়া করে টাঙ্গাইলের বংশাই নদীতে পিকনিক করতে আসেন। দিনভর আনন্দ-উচ্ছ্বাস শেষে তারা মহেড়া জমিদার বাড়ি ঘুরে পুনরায় নদীপথে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত নৌকাটি বিদ্যুতের ঝুলন্ত তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যে নৌকাটি বিদ্যুতায়িত হয়ে ৬ বন্ধু গুরুতর আহত হন।


খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে আহতদের উদ্ধার করেন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এনায়েতুর রহমান জানান, ‘হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।’

 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনন্দ ভ্রমণ শেষে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। আইনি প্রক্রিয়া শেষ করে নিহত দুই বন্ধুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় ও নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/এমএনকে

 

আরও পড়ুন