বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে বজ্রপাতে স্মার্টফোনে আগুন, দগ্ধ হয়ে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে বজ্রপাতে বাবা ও তার দশ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের বাসিন্দা মো. খালিদুল ইসলাম (৩০) এবং তার মেয়ে খাদিজা আক্তার (১০)। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার খালিদুল ইসলাম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। 

 

দুপুরে সেখান থেকে পাশের মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা হন। পথিমধ্যে শাহদারীপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময় হঠাৎ তাদের ওপর বজ্রপাত হয়। এ সময় খালিদুল ইসলামের বুক পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটিতে আগুন ধরে যায় এবং তার শার্টও পুড়ে যায়। 

 

বজ্রপাতে বাবা ও মেয়ে দুজনেই গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বজ্রপাতে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। একই সাথে বাবা ও মেয়ের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন