টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক মহাসড়কের সার্ভিস লেনে কর্মরত শ্রমিকদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, নিহতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। ওই এলাকায় সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত মোট ১৯ জন শ্রমিকের একটি দলের সদস্য ছিলেন তারা।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ডিবিসি/আরএসএল