বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের ফজলি জমির মাঠে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে ওই এলাকার একটি কাঠের বিদ্যুৎ খুঁটি ভেঙে যায়। পরে সেটির পরিবর্তে ঝুঁকিপূর্ণভাবে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ লাইন চালু রাখা হয়। সকালে মাঠে ঘাস খেতে গিয়ে ওই ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটির সংস্পর্শে আসে গরুগুলো। 

 

খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকায় ঘটনাস্থলেই পাঁচটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতায় মাঠে থাকা আরও কয়েকটি গরু প্রাণে রক্ষা পায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা চরম দিশেহারা হয়ে পড়েছেন এবং প্রশাসনের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগের অবহেলায় এই ঝুঁকিপূর্ণ খুঁটিটি এভাবেই পড়ে ছিল। বারবার বিষয়টি নজরে আনা হলেও খুঁটিটি অপসারণ বা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের এই উদাসীনতার কারণেই আজ এত বড় দুর্ঘটনা ঘটেছে।

 

এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, ঘটনাটি তারা জেনেছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন