টাঙ্গাইলের ভূঞাপুরে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। আজ (২৭ এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলার জিগাতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, জন্মগতভাবেই ওই তরুণী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নিয়মিত বাড়ির পাশের রাস্তায় চলাফেরা করতেন। গত ( ২৬ এপ্রিল) সোমবার সন্ধ্যার পর কোনো এক সময় তিনি অলক্ষ্যে বাড়ি থেকে বের হয়ে যান।
বৃষ্টির কারণে পরিবারের সদস্যরা ভেবেছিলেন তিনি ঘরের ভেতরেই আছেন, তাই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সকালে স্থানীয় এক নারী জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ক্ষেতের মধ্যে তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যরা এই অমানবিক ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/টিবিএ