জেলার সংবাদ

টাঙ্গাইলে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে

টাঙ্গাই‌ল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের ভূঞাপুরে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ের এক বিরল ও আনন্দঘন ঘটনা ঘটেছে। একই রকম দেখতে দুই ভাই এবং দুই বোনের এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবদম্পতিদের একনজর দেখতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি স্থানীয় উৎসুক জনতাও বিয়েবাড়িতে ভিড় জমান।

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়ার শফিকুল ইসলামের যমজ মেয়ে সুমাইয়া আক্তার পাতা ও সোনিয়া আক্তার লতা। তারা দুজনেই এবারের এইচএসসি পরীক্ষার্থী। অন্যদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলার নুরুল আলমের যমজ ছেলে আব্দুর রাজ্জাক আশেক ও আব্দুল জব্বার মাসুম লেখাপড়া শেষে বর্তমানে দুবাই প্রবাসী। পারিবারিক সিদ্ধান্তে আব্দুর রাজ্জাক আশেকের সঙ্গে সুমাইয়া আক্তার পাতার এবং আব্দুল জব্বার মাসুমের সঙ্গে সোনিয়া আক্তার লতার বিয়ে সম্পন্ন হয়।

 

গত মঙ্গলবার সন্ধ্যায় অনাড়ম্বর পরিবেশে তাদের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। এরপর বুধবার সকালে হুবহু একই নকশা ও রঙের শেরওয়ানি পরে কনের বাড়িতে হাজির হন যমজ দুই ভাই। কনে হিসেবে দুই বোনও পরেছিলেন একই রকম শাড়ি। বিয়ের আসরে তারা একসঙ্গেই বসেছিলেন, যার ফলে অতিথিদের জন্য কে কার স্বামী বা স্ত্রী তা আলাদা করে বুঝে ওঠা বেশ কঠিন হয়ে পড়েছিল।

 

যমজ দুই ভাই আশেক ও মাসুম জানান, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়ায় তাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল যমজ দুই বোনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার। সেই লক্ষ্যেই ফেসবুক গ্রুপ ও মেসেঞ্জারে তথ্য আদান-প্রদানের মাধ্যমে তারা এই যমজ বোনের সন্ধান পান এবং উভয় পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়। নিজেদের স্বপ্ন পূরণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। অন্যদিকে, বিয়ের পরও দুই বোন নিজেদের মধ্যে যোগাযোগ ও একসঙ্গে থাকার সুযোগ পাবেন ভেবে কনে পাতা ও লতাও দারুণ খুশি।

 

কনেদের চাচা রফিকুল ইসলাম মনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকার এক শিক্ষকের মাধ্যমেই মূলত এই দুই পরিবারের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। সৃষ্টিকর্তা তাদের জুঁটি মিলিয়ে দিয়েছেন বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। একইভাবে, যমজ দুই মেয়ের শ্বশুর হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরদের পিতা মো. নুরুল আলম।

 

স্থানীয়রা জানান, সচরাচর এমন বিয়ে দেখা যায় না বলেই দাওয়াত না পেয়েও অনেকে কৌতূহলবশত নবদম্পতিদের দেখতে ছুটে এসেছেন। এই দুই দম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য পরিবারের পাশাপাশি স্থানীয়রাও মন থেকে দোয়া করেছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন