বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে যমুনার চর কাটার অভিযোগে একজনকে কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে যমুনা নদীর চর ও পাড় কাটার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকারি কাজে বাধা দেওয়ায় এবং চর কাটায় একজনকে এক বছরের কারাদণ্ড, চারজনকে ৪ লাখ টাকা জরিমানা এবং মাটি কাটায় ব্যবহৃত ৮টি ভেকু মেশিন ও ৩টি ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার (৪ মে) বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাধা প্রদানের অভিযোগে মতিন নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।


অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান।


অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ ও ভূঞাপুরের একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে যমুনা নদীর চর ও পাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি করে আসছিল। এর ফলে যমুনা সেতু, নির্মাণাধীন যমুনা রেলসেতু এবং যমুনা সেতু রক্ষা গাইড বাঁধের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাদের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।


এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, যমুনা নদী দখল ও অবৈধ মাটি কাটার ফলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়ছে। জনস্বার্থে এবং জাতীয় সম্পদ রক্ষায় যমুনা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন