বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে ১৭ বছর পর কৃষক হত্যার বিচার: ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের সখীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক দুলাল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন সহোদর ভাইও রয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইলের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলার আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সখীপুর উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে আবুল কাশেম এবং একই এলাকার হায়দার আলীর দুই ছেলে মো. রওশন আলী ও মো. মোস্তাক।


আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবনের পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।


আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহজাহান কবীর জানান, ২০০৯ সালের ৯ জুলাই জমিজমা নিয়ে বিরোধের জেরে বাদী ওহাব সিকদারের পরিবারের ওপর হামলা ও মারধর করে প্রতিপক্ষ। এ সময় ওহাবের চাচাতো ভাই দুলাল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।


হত্যাকাণ্ডের পর সখীপুর থানার তৎকালীন এসআই আবুল কালাম আজাদ তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়াকালীন সময়ে ৩ জন আসামির মৃত্যু হয়। পরবর্তীতে আদালত সাক্ষ্যগ্রহণ ও যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করেন।


রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেম ও রওশন আলী আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামি মোস্তাক বর্তমানে পলাতক রয়েছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন