ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের রাজনীতির ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করলেন দুই সহোদর। জেলার দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে একসঙ্গে জাতীয় সংসদে যাচ্ছেন বিএনপির দুই প্রভাবশালী নেতা-সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও তার ভাই সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। ১৩৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এই আসনে মোট ৬৪.৫৬ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালেও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রী এবং পরবর্তীতে শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর এবারের নির্বাচনে তার এই প্রত্যাবর্তনকে রাজকীয় হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররা।
অন্যদিকে, টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রথমবারের মতো নির্বাচন করেই বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট। এই আসনে ভোট কাস্টিংয়ের হার ছিল ৬৩.২৫ শতাংশ।
সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি হিসেবে রাজপথে দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার। এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি বড় ভাইয়ের মতো জয়ের স্বাদ পেলেন।
ডিবিসি/এসএফএল