ভারত

টাঙ্গাইল ৮ আসনের সাবেক সাংসদ সদস্য জহিরুল ইসলাম কলকাতায় মারা গিয়েছেন

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য জহিরুল ইসলাম ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘ দিন ভোগার পর কলকাতার দমদম বিমানবন্দর সংলগ্ন ফিনিক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টি অর্গান ফেইলিওর বা শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

২০১৮-২০২৪ মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা জহিরুল ইসলাম গত ২৪ আগস্টের পর থেকে লোকচক্ষুর অন্তরালে ছিলেন। মৃত্যুকালে তার পাশে স্ত্রী ও এক কন্যা উপস্থিত ছিলেন। তার স্ত্রী মেডিকেল ভিসায় আগে থেকেই কলকাতায় অবস্থান করছিলেন এবং বাবার অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে সম্প্রতি তার মেয়েও সেখানে পৌঁছান।

 

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতৃত্ব ও পারিবারিক সূত্রে জানা গেছে, জহিরুল ইসলামের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। মরহুমের পরিবার তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে নিজ দেশে দাফন করতে চায়। এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতির জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেলে কলকাতা দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) প্রদানের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন