ভারী বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে আটকে পড়েছেন অন্তত পাঁচ শতাধিক পর্যটক।
সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় একটি ব্রিজ ও সড়কের দুটি অংশ পানিতে তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পর্যটকদের পাশে দাঁড়িয়েছে মালিক সমিতি। আটকে পড়া পর্যটকদের সুবিধার্থে তাদের কাছ থেকে কোনো রুম ভাড়া নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি জানিয়েছে, গত সোমবার ও মঙ্গলবার যারা সাজেকে ছুটি কাটাতে গিয়েছিলেন, মূলত তারাই সেখানে আটকা পড়েছে। তবে আটকে পড়া এই পর্যটকদের সবাই বর্তমানে সাজেক ভ্যালিতে নিরাপদে অবস্থান করছেন।
এ বিষয়ে কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, টানা বৃষ্টিপাত বন্ধ না হলে এবং সড়ক থেকে পুরোপুরি পানি না নামা পর্যন্ত পর্যটকদের ফেরা সম্ভব নয়। দুর্যোগকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেন মালিক সমিতি। তবে অবস্থানকালীন সময়ে পর্যটকদের শুধু পানির খরচ বহন করতে হবে।
ডিবিসি/আপিডি