টানা ভারী বর্ষণে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে বন্দরের বিভিন্ন শেডে পানি ঢুকে আমদানি-রপ্তানি করা কোটি টাকার পণ্য তলিয়ে গেছে।
বন্দর সূত্রে জানা যায়, বিশাল এই স্থলবন্দরে শেড ও ইয়ার্ডসহ অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা থাকলেও পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নাজুক। ড্রেনগুলো সরু হওয়া এবং বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতা দেখা দেয়। চলমান এই টানা বৃষ্টিতে বন্দরের ৩ নম্বর গেট সংলগ্ন অন্তত পাঁচটি শেডে হাঁটুসমান পানি জমে গেছে। ফলে সেখানে থাকা মূল্যবান সব মালামাল পানিতে ভাসছে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ইতোমধ্যে বন্দর কর্তৃপক্ষ এবং আমদানি-রপ্তানির সাথে জড়িত সংশ্লিষ্টরা জলমগ্ন এসব গোডাউন ও শেড পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পণ্য নষ্ট হওয়ার কারণে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে।
সার্বিক বিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক কাজী রতন জানান, বৃষ্টির কারণে কয়েকটি শেডে পানি ঢুকে কিছু মালামাল ভিজে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পাওয়ার পাম্প ব্যবহার করে পানি সেচের কাজ চলছে। তবে অবিরাম বৃষ্টির কারণে পানি নিষ্কাশনে কিছুটা বেগ পেতে হচ্ছে। বৃষ্টি থামলে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া, বন্দরের এই জলাবদ্ধতা সমস্যার একটি স্থায়ী সমাধানে কর্তৃপক্ষ কাজ করছে বলেও তিনি আশ্বস্ত করেন।
ডিবিসি/আরপিডি