আন্তর্জাতিক, আরব

টানা ৩৪ বছর হজের খুতবা দেয়া সৌদির গ্র্যান্ড মুফতি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৯:৫৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র উলামা কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখ মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) সকালে রিয়াদে ইন্তেকাল করেছেন। রয়্যাল কোর্টের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৮২ সালে আরাফাতের নামিরা মসজিদের ইমাম ও খতিব নিযুক্ত হওয়ার পর থেকে তিনি ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর হজের খুতবা প্রদান করে মুসলিম বিশ্বে সুপরিচিতি লাভ করেন।

 

মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। খাদেমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমান মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং রাজ্যের সমস্ত মসজিদে তাঁর গায়েবানা জানাজার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। বাদশাহ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তাঁর পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘আল-শেখের মৃত্যুতে সৌদি আরব এবং ইসলামী বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারিয়েছে, যিনি ইসলাম ও মুসলিমদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

 

শেখ আল-শেখ জেনারেল প্রেসিডেন্সি অফ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালের জুন মাসে বাদশাহ ফাহাদ শেখ আব্দুল আজিজ ইবনে বাজের স্থলাভিষিক্ত হিসেবে আল-শেখকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত করেন।

 

১৯৪৩ সালের ৩০শে নভেম্বর মক্কায় জন্মগ্রহণকারী আল-শেখ অল্প বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করেন। ১৭ বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান। তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়া কলেজ থেকে ১৯৬৫ সালে স্নাতক সম্পন্ন করেন।

 

কর্মজীবনে তিনি বিভিন্ন মসজিদে ইমামতির পাশাপাশি ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। ১৯৮৭ সালে তিনি সিনিয়র উলামা কাউন্সিলে নিযুক্ত হন এবং ধাপে ধাপে ১৯৯৯ সালের ১৪ই মে মন্ত্রী পদমর্যাদায় গ্র্যান্ড মুফতি, সিনিয়র উলামা কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান নিযুক্ত হন।

 

সূত্র: সৌদি গ্যাজেট

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন