মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা ৫ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই তীব্র বিদ্যুৎ সংকটের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা, ফুলবাড়ি, লংগুরপারসহ একাধিক এলাকায় গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে ওইসব এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ না থাকার সুযোগে এলাকাগুলোতে চুরি-ডাকাতির ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়েছে। রাতের অন্ধকারে গরু, ছাগল, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, টমটমসহ বসতবাড়িতে চুরির ঘটনা বাড়ছে। স্থানীয়রা জানান, বিদ্যুতের অভাবে তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না, তার ওপর সারাক্ষণ চুরির আতঙ্কে কাটাতে হচ্ছে।
এদিকে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মঙ্গলবার দক্ষিণ বালিগাঁও বটতলা বাজার এলাকায় কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক অবরোধ করলে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান।
ডিবিসি/আরএসএল