জেলার সংবাদ

চট্টগ্রামে টিনের চালে বল আনতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসার টিনের চাল থেকে খেলার বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসহাব (১০) নামে এক হেফজখানা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাসুমা ফাউন্ডেশন তালিমুল কুরআন মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আসহাব পূর্ব কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার সহপাঠীদের সঙ্গে খেলাধুলার সময় তাদের বলটি টিনের চালের ওপর গিয়ে পড়ে। পরে বলটি আনতে চালের ওপর ওঠে আসহাব। এ সময় সেখানে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

 

ঘটনার পর মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার শরীরে কয়েকটি চিহ্ন রয়েছে।

 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, লাশের সুরতহাল করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন