বহুল আলোচিত ও বিতর্কিত ‘টিপাইমুখ বাঁধ’ বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের অনুরোধে ভারত চালু করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় তার সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবদুল মালিকের এক সম্পূরক প্রশ্নের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
স্পিকার তার অভিজ্ঞতার কথা তুলে ধরে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।’
এর আগে সংসদ সদস্য আবদুল মালিক টিপাইমুখ বাঁধের প্রভাবে সিলেটে বন্যা ও খরার চরম দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তিনি জানতে চান, বর্ষায় উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং খরা মৌসুমে পানির সংকট নিরসনে সরকারের কী পরিকল্পনা রয়েছে। এর জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, টিপাইমুখ বাঁধের সমস্যা সমাধানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন যাতে ভবিষ্যতে এই দুর্ভোগ কমিয়ে আনা যায়।
মন্ত্রীর বক্তব্যের পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক পানিসম্পদমন্ত্রী হিসেবে তার অভিজ্ঞতার আলোকে জানান, বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধেই ভারত এই বাঁধ প্রকল্পটি এগিয়ে নিয়েছিল। এর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদ-নদীর পানিবণ্টন ও বাঁধ কেন্দ্রিক দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুটি পুনরায় সংসদ অধিবেশনে আলোচনায় উঠে এলো।
ডিবিসি/এফএইচআর