আন্তর্জাতিক, ভারত

টয়লেটের টিস্যুতে ‘বোমা’ লেখা দেখে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দাম্মাম থেকে নয়া দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে বোমা আতঙ্কের জেরে আহমেদাবাদে জরুরি অবতরণ করা হয়েছে। বিমানের শৌচাগারে একটি টিস্যু পেপারে ‘বোম’ লেখা দেখতে পাওয়ার পরেই ক্রু সদস্যরা দ্রুত তৎপর হয়ে ওঠেন এবং পাইলটকে বিষয়টি জানান।

পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে বিমানটির জরুরি অবতরণের অনুমতি চান। আহমেদাবাদে অবতরণের পর বিমানটিকে মূল টার্মিনাল থেকে দূরে একটি বিচ্ছিন্ন বে-তে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকেই জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনী প্রস্তুত ছিল।

 

বিমানটিতে থাকা ৩২ জন যাত্রীকে নিরাপদে জরুরি ভিত্তিতে বের করে টার্মিনাল টু-তে স্থানান্তর করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড পুরো বিমানটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়।

 

তবে তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পুরো বিষয়টিই একটি ভুয়া হুমকি ছিল বলে প্রমাণিত হয়। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিকে চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করে ক্লিয়ারেন্স প্রদান করে।

 

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানান, নিরাপত্তা প্রোটোকল মেনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি আহমেদাবাদে নামানো হয়। কে বা কারা এই ভুয়া হুমকি বা নোটটি রেখেছিল, তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন