টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ছে জিম্বাবুয়ে। ওমান ও শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকেও স্তব্ধ করে দিল সিকান্দার রাজার দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের হারিয়ে অপরাজিত থেকেই সেরা আটে পা রাখল রোডেশীয়রা। এই রাজকীয় জয়ের ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তারা।
সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড তিনে এবং তালিকার তলানিতে অবস্থান করছে অস্ট্রেলিয়া ও ওমান।
কলম্বোর এই হাই-ভোল্টেজ ম্যাচে ১৭৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতেই আসে গুরুত্বপূর্ণ ৬৯ রান। ২৬ বলে ৩৪ রান করে জয়ের ভিত গড়ে দেন ওপেনার তাদিওয়ানশে মারুমানি। এরপর রায়ান বার্লের ১২ বলে ২৩ রানের দ্রুতগতির ইনিংস এবং অধিনায়ক সিকান্দার রাজার ২৬ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস জিম্বাবুয়েকে জয়ের বন্দরে নিয়ে যায়।
শেষ দিকে ব্রায়ান বেনেটের অনবদ্য ও হার না মানা ৬৩ রানের ইনিংসটি জয় নিশ্চিত করতে মূল ভূমিকা রাখে। ৩ বল এবং ৬ উইকেট হাতে রেখেই লঙ্কানদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন বেনেট ও ৮ রানে অপরাজিত থাকা টনি মুনিয়োঙ্গা।
এর আগে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরার ব্যাটে চড়ে ভালো সূচনা পায় লঙ্কানরা। নিশাঙ্কার ৬২ এবং পাভান রত্নায়েকের ২৫ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে তারা।
এছাড়া দুনিথ ভেল্লালাগে ৮ বলে ১৫ রান করলেও বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। দুর্দান্ত ফর্মে থাকা জিম্বাবুয়ের ব্যাটিং লাইনেআপের সামনে এই সংগ্রহ শেষ পর্যন্ত যথেষ্ট প্রমাণিত হয়নি।
ডিবিসি/এএমটি